কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দাঁড়িয়ে থাকা ব্যাটারিচালিত অটোরিকশায় বাসের ধাক্কায় প্রাণ হারিয়েছেন এক অটোরিকশাচালক ও পাঁচ বছরের এক শিশু। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার আরও দুই যাত্রী।
শনিবার (৮ আগস্ট) সকাল ৬টার দিকে কিশোরগঞ্জ-ঢাকা আঞ্চলিক মহাসড়কের বরাটিয়া চৌরাস্তা বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন পাকুন্দিয়ার বর্শাগাতী গ্রামের মাহতাব উদ্দীনের ছেলে উজ্জল (৫) এবং বাহাদিয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে সেলিম মিয়া (৩৮)।
স্থানীয়দের বরাতে জানা গেছে, ভোরে অনন্যা পরিবহনের একটি বাস ঢাকা থেকে কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। বরাটিয়া এলাকায় পৌঁছানোর পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা অটোরিকশাটিকে সজোরে আঘাত করে। এতে অটোরিকশাটি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি চালক সেলিম মিয়া ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার পর অটোরিকশায় থাকা তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা। তাদের দ্রুত শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় শিশু উজ্জলের মৃত্যু হয়।
পাকুন্দিয়া থানার ওসি এসএম আরিফুর রহমান জানান, দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। বাসটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম চলছে।
শুভ্র / দেশ বাংলা টিভি নিউজ
দেশ বাংলা টিভি ডেক্স